শিরোনাম

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): কক্সবাজারের টেকনাফের শাহপরীতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে ‘কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী’ টেকনাফ থানার শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।