বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:০৬

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

কুষ্টিয়া, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিড়ি, ডেক্সামেথাসন ট্যাবলেট, সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট প্রভৃতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটে আশ্রায়ন বিওপির আওতাধীন মুন্সিগঞ্জ মাঠ এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় একহাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে রাত ১১টা ৫০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

জব্দকৃত এসব মাদক ও চোরাচালানী পণ্যের মোট মূল্য আনুমানিক ছয়লাখ ১৫ হাজার।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সতর্ক ও তৎপর রয়েছেন।