বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৬:২৭

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ প্রাইভেটকার জব্দ ও চালক আটক 

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ৫৭৭ বোতল ভারতীয় ইসকাফ ডিএক্স সিরাপ ও ১টি প্রাইভেটকার জব্দ এবং চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে সোনামসজিদ সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তি হলেন, আব্দুল্লাহ আল আরাফাত শুভ (২৬)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার শামুখখোল গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত থেকে পিরোজপুর এলাকায় একটি প্রাইভেট কারের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ইসকাফ ডিএক্স নামের ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়।

এদিকে, একই বিওপির আরেকটি টহল দল সীমান্তের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৫৪৯ বোতল একই ধরনের সিরাপ জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লে. কর্নেল গোলাম কিবরিয়া বাসসকে বলেন, আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত প্রাইভেট কারের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।