বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৬:০৫

মানিকগঞ্জে পহেলা বৈশাখে ঘুড়ি উৎসব 

ছবি : বাসস

মানিকগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার শিবালয় উপজেলার চরাঞ্চলের মানুষ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যমুনা নদীর তীরে মহা সমারোহে ঘুড়ি উড়িয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করেছেন।

সাংস্কৃতিক সংগঠন শতদলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ১১তম এই ঘুড়ি উৎসবে সন্ধ্যায় বিভিন্ন রঙ ও আকারের ঘুড়ি নিয়ে শতাধিক সৌখিন ঘুড়ি উড্ডয়নকারী এতে অংশগ্রহণ করেন।

মানুষঘুড়ি, চিলাঘুড়ি, পতেনঘুড়ি এবং জাহাজঘুড়ি কৌতূহলী মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

চরাঞ্চলের মানুষ বলেছেন, এটি একটি অসাম্প্রদায়িক উৎসব এবং সকল শ্রেণির মানুষ শুধুমাত্র আনন্দের জন্য এই ঘুড়ি উৎসব উদযাপন করেন।