বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৪

সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারি আটক 

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ (বাসস) : সেন্টমার্টিনে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের পক্ষ থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানে ঐ এলাকা থেকে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।