বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ২১:০০

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার জব্দ, আটক ১ 

সাতক্ষীরা, ১৪ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে ভারতে পাচারকালে দুই পিস স্বর্ণের বারসহ মো. আরশাদ আলী (৫৪) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

আজ মঙ্গলবার বিকালে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন কামারবাইশা নামকস্থান তাকে আটক করা হয়। 

আটককৃত মো. আরশাদ আলী জেলার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঝাউডাঙ্গা হতে কাঁকডাঙ্গা সীমান্ত এলাকার দিকে গমনকালে কামারবাইশা নামকস্থানে সন্দেহভাজন আরশাদ আলীকে তার মোটর সাইকেল থামিয়ে দেহ তল্লাশীকালে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলি গ্রাম। এসময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। মোটর সাইকেল ও জব্দকৃত স্বর্ণের বারের মোট মূল্য আনুমানিক ৩৬ লাখ ২৭ হাজার ৩৮৬ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটককৃত ব্যক্তিকে মোটর সাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া, জব্দকৃত স্বর্ণের বার যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।