শিরোনাম

বগুড়া, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার শাজাহানপুর উপজেলায় আজ যাত্রীবাহী বাসের সঙ্গে ভটভটির (শ্যালো ইঞ্জিন চালিত যান) সংঘর্ষে একব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা পৌঁনে দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীসহ একটি ভটভটি মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ এর একটি বাস দ্রুতগতিতে আসছিল। একপর্যায়ে শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় ভটভটি গড়িটি হঠাৎ দিক পরিবর্তন করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রীরা ছিঁটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই একজন নিহত হন।
এ ঘটনায় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ভটভটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।