বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৩

কুমিল্লায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন  

ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লাতেও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।  

বৈচিত্র্যময় শোভাযাত্রা, বর্ণাঢ্য আয়োজন এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক মিলনমেলায়। 

আজ মঙ্গলবার সকালে শহরের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। নানা বয়স ও পেশার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।

শোভাযাত্রায় ছিল ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণ, বর্ণিল মুখোশ, ফেস্টুন ও প্ল্যাকার্ডের সমাহার। লোকজ সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে অসাম্প্রদায়িক চেতনায় উদ্দীপ্ত সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ শোভাযাত্রায় নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

এ শোভাযাত্রা উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হাসনাত মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শোভাযাত্রাটি কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনায় মুগ্ধ হন দর্শনার্থীরা।

নববর্ষ উপলক্ষে কুমিল্লা নগরী জুড়ে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, মাছের মেলা, লোকজ পণ্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান। দিনভর এসব আয়োজন শহরের প্রতিটি প্রান্তকে করে তোলে বর্ণিল ও উৎসবমুখর।