বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৭:০২

সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ছবি : বাসস

সিলেট, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন সিলেট নগরীর বাসিন্দারা।

আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সিলেট সার্কিট হাউজ প্রাঙ্গণে পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন। বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্বিন ব্রিজ সংলগ্ন সারদা হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংগীত এবং বৈশাখী সংগীত ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এছাড়াও পহেলা বৈশাখকে কেন্দ্র করে সিলেট নগরে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে দিনভর চলে নানা আয়োজন।

সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করে। এছাড়া ক্বিন ব্রিজের নিচে বৈশাখী মেলার আয়োজন করা হয়। শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে ‘আনন্দলোক’-এর উদ্যোগে সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা, যা চলে দুপুর পর্যন্ত। ব্লু বার্ড স্কুল মাঠে ‘শ্রুতি, সিলেট’ আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠান।

এছাড়াও চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে ‘চারণ, সিলেট’ আয়োজন করে আরেকটি বৈশাখী উৎসব।

কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ প্রাঙ্গণেও ছিলো আলাদা আয়োজন। শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়ে পরে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এমনই এক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজ-এ নববর্ষ উপলক্ষে ছিলো নানা বিশেষ আয়োজন। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা, বায়স্কোপ, পুতুল নাচ ও হস্তশিল্প পণদর্শনীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

ঐতিহ্যবাহী এমসি কলেজে কবিতা পরিষদের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। প্রতিদিন নাটক, নৃত্য, কবিতা পাঠ ও প্রকাশনার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। 

বিকেলে সিলেট নগরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে, চৈত্রের শেষ বিকেলে গতকাল (সোমবার) নগরের চাঁদনীঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান করে সম্মিলিত নাট্য পরিষদ। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই আয়োজন।

সিলেট কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার (এতিমখানা) সমূহে ঐতিহ্যবাহী দেশি খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।

এদিকে, নগরজুড়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, পহেলা বৈশাখকে উদযাপনে সিলেট নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এছাড়া পুলিশের পাশাপাশি মাঠে সাদা পোশাকে ও গোয়েন্দা পুলিশও মাঠে রয়েছে।