বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৫:৩২

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বর্ষবরণ

ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৪ এপ্রিল ২০২৬ (বাসস) : নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় আজ বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করা হয়েছে। চুয়াডাঙ্গার চাঁদমারি মাঠে আজ সকাল ৮ টায় ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। 

আজ সকাল সোয়া ৮ টায় চাঁদমারি মাঠ থেকে সরকারি কলেজের উদ্দেশ্যে এক বর্ণিল বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা কোর্ট মোড়, হাসান চত্বর, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে সরকারি কলেজে গিয়ে শেষ হয়। চুয়াডাঙ্গার মোট ৫১ টি সংগঠন এ শোভাযাত্রায় অংশ নেয়। 

শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। 

মাসুদ পারভেজ রাসেল এমপি বলেন, ‘বাঙালির ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ এই পহেলা বৈশাখ। বর্তমানে কালের পরিক্রমায় আমাদের যে সব সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে তা যেন আমরা বুকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করতে হবে। যে সব খেলা হারিয়ে গেছে, যেমন: লাঠি খেলা, হাডুডু ইত্যাদি। এসব খেলা বাঁচিয়ে রেখে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হবে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩।’ 

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সহকারী কমিশনার মির্জা শহীদুল, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ নানান শ্রেণি পেশার মানুষ।