বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ২০:৫৯

পটুয়াখালীতে জনতার কল সেন্টার উদ্বোধন করলেন ড. মাসুদ

ছবি: বাসস

পটুয়াখালী, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের সমস্যা দ্রুত শোনা ও সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ সেবা উদ্বোধন করেছেন। 

সোমবার দুপুর আড়াইটায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কল সেন্টারটির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জনগণের অভিযোগ ও সমস্যা দ্রুত সময়ের মধ্যে জানার এবং কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার মানুষ সরাসরি তাদের প্রয়োজন, অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।

তিনি আরও বলেন, এ কল সেন্টার চালুর ফলে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও গতিশীল হবে। পাশাপাশি জনসেবার মানও উন্নত হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ জনসেবাকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি দক্ষ টিম সার্বক্ষণিকভাবে কল সেন্টার পরিচালনা করবে এবং প্রাপ্ত সমস্যাগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি দুটি মোবাইল নম্বর-০১৭১৩৪৯৯৬৬১ ও ০১৭১৩৪৯৯৬৬২Ñউল্লেখ করে বলেন, এসব নম্বরে কল করে যে কেউ তাদের সমস্যা জানাতে পারবেন। তবে তিনি সবাইকে মিথ্যা বা প্রাঙ্ক কল থেকে বিরত থাকার আহ্বান জানান, যাতে সেবার কার্যক্রম ব্যাহত না হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, উপজেলা শিবির সভাপতি আরিফ হোসাইন, পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম নুর, জামায়াতকর্মী হেলাল মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।