শিরোনাম

নেত্রকোণা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার কেন্দুয়া উপজেলায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানকালে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত মো. জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের মৃত মো. একদিল মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে একটি রেইডিং টিম কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে রেন্ট্রিতলা থেকে সান্দিকোনাগামী একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে ১৪টি পোটলায় মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার ও মো. জিল্লুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।