শিরোনাম

নাটোর, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর এনভায়রমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পাবলিক ট্রাষ্টের উদ্যোগে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আজ সোমবার সিংড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
কর্মশালায় সিংড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সোশ্যাল সেফগার্ড এক্সপার্ট আলমগীর হোসেন, গবেষণা সহযোগী শহীদুর রহমান ও নাসরুল ইবনে হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শস্য ভান্ডার খ্যাত চলনবিল বাঁচাতে সম্মিলিত পরিকল্পনা ও জনসচেতনতার বিকল্প নেই। বর্ষাকালে চলনবিলের জলাভূমি একহাজার ৮৫ বর্গমিটারের স্থলে ১৬৮ বর্গকিলোমিটারে এসে দাঁড়িয়েছে। ১০৫ প্রজাতির দেশীয় মাছ ৬০ প্রজাতিতে নেমে এসেছে। চলনবিলের দখল ও দূষণ রোধ এবং কৃষি জমিতে পুকুর খনন বন্ধ না হলে আগামীতে চলনবিল অস্তিত্ব সংকটে পড়বে।
এ প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশ কর্মী, কৃষক ও মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।