শিরোনাম

বান্দরবান, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস): পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ ও ‘বিজু’ উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে জোন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় জোন কমান্ডারের পক্ষে উপস্থিত থেকে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই এবং চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব উপলক্ষে বিভিন্ন পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বান্দরবান সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এ.এস.এম মাইদুল ইসলাম এবং লেফটেন্যান্ট এস.এম সাব্বির আযম।
অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন পাড়ার মারমা, চাকমা ও বড়–য়া সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত হয়ে এ সহায়তা গ্রহণ করেন।
উল্লেখ্য, পার্বত্য জেলা বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।