বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

নড়াইলে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

সোমবার লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। ছবি : বাসস

নড়াইল, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার লোহাগড়া উপজেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে একহাজার ৭শ’ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. টিপু সুলতান এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আলমগীর হোসাইন।

সোমবার উদ্বোধনী দিনে লোহাগড়া পৌরসভাসহ উপজেলার ৮ টি ইউনিয়নের কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট একহাজার ৭শ’ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। উপকারভোগী কৃষকদের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।