শিরোনাম

চাঁদপুর, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার হাইমচর উপজেলায় দুইলাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক।
অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের আওতায় রোববার বিকাল ৩টা হতে রাত ৯ টা পর্যন্ত জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ঈশান বালা বাজারের জয়নাল আবেদীনের দোকান থেকে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযানকালে আনুমানিক ২ লাখ ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত নতুন কারেন্ট জাল রাতেই হাইমচর নয়ানী কোস্টগার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বাড়ৈ -এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এবং কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট-এর কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।