শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ১৩ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামে একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
গতকাল রোববার রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মো. রাকিবুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার তাজনগর বাইসাপাড়া গ্রামের মো. আনসার আলীর ছেলে।
প্রাথমিক তদন্তে সিআইডি জানায়, চলতি বছরের ৬ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অজ্ঞাতনামা এক ব্যক্তির কল পান খুলনা বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় নিজেকে ডাচ-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’ ডেবিট ও ক্রেডিট কার্ড আপগ্রেডেশন সংক্রান্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে কার্ডের তথ্য হালনাগাদের কথা বলে কার্ডের তথ্য চাইলে ওই কর্মকর্তা তা দিয়ে দেন। এ সুযোগে ৭ জানুয়ারি ও ৯ জানুয়ারি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১২টি অবৈধ লেনদেন সম্পন্ন করে সর্বমোট ১৩ লাখ ৭৫ হাজার ৫১৫ টাকা আত্মসাৎ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী তাৎক্ষণিক সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিটের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে।
সিআইডি আরো জানায়, ২০২৩ সাল থেকে টেলিগ্রামে বিভিন্ন অনলাইন কাজের প্রলোভনে পড়ে তিনি প্রতারক চক্রটির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে চক্রটির নির্দেশনায় তিনি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংক হিসাব সম্পূর্ণ বা আংশিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতারক চক্রকে সহায়তা করত। একই সঙ্গে আত্মীয়-স্বজনের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি সংগ্রহ করে সেগুলোতে অবৈধ অর্থ লেনদেনের কাজে ব্যবহার করতেন।
গ্রেফতার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।