শিরোনাম

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে যৌথ অভিযানের অবৈধভাবে মজুত ও মোড়কজাতকৃত মোট সাড়ে ৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
আজ রোববার জেলার বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুত রোধে এ যৌথ অভিযান চালানো হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে নিতাইগঞ্জ এলাকার ‘মেসার্স বিকে ফুড প্রোডাক্ট’-এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত ও মোড়কজাতকৃত মোট সাড়ে ৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, একই অভিযানে ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ এবং ‘গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল’ নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত টিসিবির সাড়ে ৬শ বস্তা আটা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার এবং জেনারেল ম্যানেজারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে যথাক্রমে ৭ দিনের এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও কারসাজি রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি মো. বাবুল হোসেন এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।