শিরোনাম

সিলেট, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য ও গৃহপালিত পশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাংলাবাজার, তামাবিল, লবিয়া, প্রতাপপুর, মিনাটিলা, সোনারহাট, শ্রীপুর ও বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
অভিযানকালে ভারতীয় গরু ও মহিষ, চিনি, চা-পাতা, কম্বল, ক্রিম এবং মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার ৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আটককৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।