শিরোনাম

সাতক্ষীরা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া, বাঁকাল চেকপোষ্ট ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চাঁন্দা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় মদ ও ৯ বোতল ফেন্সিডিল জব্দ করে।
এছাড়া, বাঁকাল চেক পোস্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইং কোরেক্স সিরাপ ও ১০০ পিস টেপডল ট্যাবলেট এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল একই উপজেলার গোবিন্দকাঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক চারলাখ ১২ হাজার একশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।