বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:৫৮

বরিশালে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরিশাল, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মব বা জনতার হঠাৎ উত্তেজনার বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। মাদকবিরোধী অভিযান, রাজনৈতিক বিতর্ক বা সামাজিক দ্বন্দ্বের সময়ে জনতা যেন হঠাৎ উত্তেজিত হয়ে মব তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে তেল মজুত করার মাধ্যমে বাজারে সংকট সৃষ্টি করছেন। ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। কোথাও অস্বাভাবিকভাবে তেল মজুত বা দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করতে হবে। এসময় তিনি তেল মজুত বা কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসাসহ সামরিক বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।