শিরোনাম

নোয়াখালী, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার হাতিয়া উপজেলায় আজ বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ছয়হাজার ৮১৫ লিটার জ্বালানি তেল ও দু’টি ইঞ্জিন চালিত বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
জব্দকৃত জ্বালানি তেলের মধ্যে রয়েছে চারহাজার আটশ’ লিটার পেট্রোল এবং দুইহাজার ১৫ লিটার ডিজেল।
আজ শনিবার সকালে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন জেলার হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো.মিলন (২২), একই এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে মো.রিয়াজ (২০), মো.কামরুলের ছেলে মো.স্বপন (২২) এবং মো.সাব্বিরের ছেলে মো. ফয়েল (১৯)।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা চারহাজার আটশ’ লিটার পেট্রোল এবং দুইহাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেলের আনুমানিক মূল্য প্রায় সাতলাখ ৯১ হাজার টাকা। এসময় জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত দু’টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ এবং ৪ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত জ্বালানি তেল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।