বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৯:১২

বর্তমান প্রজন্ম সাহসী ও যুগের চাহিদা পূরণে সক্ষম : মনিরুল হক চৌধুরী

ছবি : বাসস

কুমিল্লা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : তরুণ প্রজন্মকে ‘জেন জি’ আখ্যায়িত করে তাদের সাহসিকতার প্রশংসা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আমি সম্মান করি। কারণ, তারা সাহসী ও যুগের চাহিদা পূরণে সক্ষম।

তিনি আরও বলেন, ‘এই প্রজন্মের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তোমরাই জাতির আগামী দিনের কা-ারি।’

আজ শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জিয়া মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরাসরি মাঠে নেমে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি পুলিশের চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন, আমার ছাত্রকে গ্রেফতার করার সাহস কীভাবে হয়?

কলেজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী বলেন, আমি গর্বিত যেÑ আমি একজন ভিক্টোরিয়ান। এ কলেজের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হলেও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা একটি বড় সমস্যা। সংবাদে দেখেছি, হোস্টেলের নিচে পানি জমে থাকার মধ্যে শিক্ষার্থীরা ঘুমাচ্ছে। এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র হতে পারে না।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনেও কলেজের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া একটি বাস দিয়েছিলেন, সেটিই এখনো একমাত্র পরিবহন। এতো বছরেও নতুন বাস কেন আসেনি, সেই প্রশ্ন তোলেন তিনি।

পূর্ববর্তী অধ্যক্ষদের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও ব্যবসা করা হয়েছে, কিন্তু উন্নয়ন হয়নি। বরাদ্দ কোথায় গেছে?

সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে কলেজে তিনটি বাস বরাদ্দ দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পাঁচটি বাসে উন্নীত করা হবে। এছাড়া ক্যাফেটেরিয়া সমস্যারও দ্রুত সমাধান করা হবে। শ্রেণিকক্ষ সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে অন্তত দু’টি বহুতল অ্যাকাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, কলেজের সমস্যাগুলো জানতে তিনি নিজ উদ্যোগে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উতবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।