বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৮:৫২

বগুড়ায় ভোজ্য তেল বিক্রিতে অনিয়মের দায়ে জরিমানা

বগুড়া, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ খোলা ও বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে অনিয়মের দায়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ শনিবার জেলা সদরের রাজাবাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে বাজারে সয়াবিন তেলের মজুত, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স এ কে ট্রেডার্সকে পাঁচহাজার টাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুদ না করে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং লেনদেনের ভাউচার সংরক্ষণ করতে বলা হয়। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।