বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৮:৫০

সাতক্ষীরায় সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ অপসারণ

আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি ফাঁদ জব্দ ও ধ্বংস করেছেন বন বিভাগের কর্মিরা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি ফাঁদ জব্দ ও অপসারণ করেছেন বন বিভাগের কর্মিরা। 

আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের মন্দিরের খাল এলাকা থেকে এসব মালা ফাঁদ উদ্ধারের পর সেগুলো অপসারণ করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের মন্দিরের খাল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রেখেছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগের কর্মিরা সেখানে অভিযান চালান। এসময় সেখান থেকে ২৫টি মালা ফাঁদ জব্দ করা হয়। তবে, এসময় কোন চোরা শিকারীকে আটক করা যায়নি। 

বন বিভাগের কর্মকর্তারা জানান, নিয়মিত টহল জোরদার থাকায় ধারাবাহিকভাবে এসব ফাঁদ শনাক্ত করা সম্ভব হচ্ছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।