বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৮:৪৫

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

কুষ্টিয়া, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় অভিযানকালে মাদক ও বিড়ি সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জামালপুর বিওপি’র আওতাধীন জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। একই দিন সকাল ৯টার দিকে তেঁতুলবাড়ী বিওপির খাসমহল এলাকায় অভিযান চালিয়ে পাঁচকেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়া শনিবার ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে শেওড়াতলা বিওপি’র আওতাধীন কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একশ’ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে বিজিবি। একইভাবে শনিবার ভোররাত ৪ টার দিকে বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুইহাজার চারশ’ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুইলাখ নয়হাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে।