শিরোনাম

চট্টগ্রাম, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অধিক দামে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন আজ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মহাসড়কের পাশে মইজ্জ্যারটেক এলাকায় সাঈদ অটোমোবাইলস জ্বালানি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে সাঈদ অটোমোবাইলস নামে একটি প্রতিষ্ঠান থেকে মজুত রাখা ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে এসব তেল পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল মজুত ও অধিক দামে বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং কর্ণফুলী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।