শিরোনাম

টাঙ্গাইল, ১১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
আজ শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ বিজ্ঞান মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজুলল হক, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।