বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৬:২৪

রাঙামাটিতে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙামাটি, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সারাদেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ কাপ্তাইয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। 

রুহুল আমিন বলেন, তথ্য প্রযুক্তিতে যে দেশ এগিয়ে, সেই দেশ অনেক শক্তিশালী। আমরা যদি বহি:র্বিশ্বের সাথে তাল মেলাতে চাই, তাহলে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে হবে।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের এবং উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা কাপ্তাই পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা প্রতিটি স্টলে নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করেন। 

উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন।

স্টলগুলোর গুরুত্ব ও তাৎপর্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়। দুপুরে সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সম্মাননা ক্রেস্ট এবং সব অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।