শিরোনাম

নওগাঁ, ১১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
খালটির পুনঃখনন কাজে ব্যায় ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এরপর স্থানীয় তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এ সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা ও সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন খাল খনন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যায়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল পুনঃখননের কাজটি বাস্তবায়ন করছে। খাল পুনঃখননের ফলে সদর উপজেলার বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবেন।