শিরোনাম

কুড়িগ্রাম, ১১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার উলিপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় নূর আমিন (৪০) নামের এক ব্যাটারি-চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চিলমারী-কুড়িগ্রাম সড়কে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোচালক নূর আমিন ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ব্যাটারি-চালিত অটোরিকশার অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় অটোরিকশার যাত্রী শিউলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।