বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

হবিগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 

ছবি: বাসস

হবিগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, জিরা ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। গতরাতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকের মুরগির খাদ্যের বস্তার নিচে লুকানো ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য জব্দ করা  হয়েছে।

এতে বলা হয়, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যা পাচারের জন্য আনা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গতকাল সকাল ১০টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির একটি টহলদল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানানো হয়েছে। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।