শিরোনাম

পঞ্চগড়, ১১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি হাটে গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একটি ফার্মেসি, একটি কীটনাশকের দোকান, একটি ইলেকট্রিকের দোকান এবং একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারের দোকানের মালিক তরিকুল ইসলাম বলেন, মাঝরাতে হঠাৎ করে আগুন লাগার খবর পাই। এসে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। আমার সব মালামাল পুড়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছি।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে চারটি দোকানে অন্তত ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।