বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৪:০৭

ফেনীতে ৭ কি.মি. সড়ক প্রশস্তকরণ কাজ শুরু

ছবি : বাসস

ফেনী, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার ধলিয়া ও লেমুয়া ইউনিয়নের সংযোগ সড়কটি প্রশস্তকরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। 

শনিবার সকালে ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি সংযোগ সড়ক প্রশস্তকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৭ কিলোমিটার সড়কটি ১২ফুট থেকে ১৮ফুটে প্রশস্ত ও শক্তিশালীকরণে উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 

চট্টগ্রাম বিভাগের উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ১৯ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে কাজটি বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মিজান এন্ড মীর হোসেন জেবি। ২০২৭ সালের ১৯ আগষ্ট কাজটি শেষ করার সময় সীমা নির্ধারণ করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, জেলা বিএনপি’র সদস্য কামরুল হাসান মাসুদ ও আবুল খায়ের লিংকন, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহবায়ক তপন কর, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, ধলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নাল আবদীন বলেন, সড়কের কাজটি ঠিকমতভাবে শেষ করতে এলাকাবাসীর সহযোগীতা প্রয়োজন। কেউ যেন চাঁদাবাজি-টেন্ডারবাজি করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সড়কটির কাজ শেষ হলে এলাকাবাসীর যাতায়াতের সুবিধা বাড়বে।