বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৫
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৩:০৩

সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে ৩টি দেশীয় বন্দুকসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা রেঞ্জের জঙ্গলে জলদস্যু দমনে বনবিভাগের বিশেষ অভিযানে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে, এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি তারা।

গতকাল শুক্রবার বিকালে সুন্দরবনের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা নামক স্থান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের যৌথ অভিযানে বনবিভাগের সদস্যরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জলদস্যুদের ধাওয়া করে।  

এসময় ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে জলদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখান থেকে তিনটি দেশীয় অস্ত্র ও ৪টি কার্তুজ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মশিউর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।