বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ২০:০৮

খুলনায় ট্যাংক লরি থেকে তেল চুরির সময় আটক ৫ 

ছবি: বাসস

খুলনা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : খুলনায় ডিপোর মধ্যে ট্যাংক লরি থেকে অকটেন চুরির সময় তেলসহ ৫ জনকে হাতে-নাতে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোর মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

আজ খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপোর মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুরার একটি ফিলিং স্টেশনের ট্যাংক লরিচালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টু, রানা ও বিল্লাল মিলে ড্রামে করে অকটেন চুরির সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতে-নাতে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন -২০১৬ এর ২০ এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তেল জব্দ করা হয়।

অভিযানকালে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ উপস্থিতি ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন পদ্মা অয়েলের দৌলতপুর ডিপোর ব্যবস্থাপককে ডিপোর মধ্যে এবং ডিপো সংলগ্ন স্থানে কয়েক দিনের ব্যবধানে একই ঘটনার পুরনাবৃত্তি হওয়ায় সতর্ক করা হয় এবং অপরাধপ্রবণ স্থানসমূহে নজরদারী জোরদারকরণের নির্দেশনা প্রদান করা হয়।