শিরোনাম

সাতক্ষীরা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা ও মাদরা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের পোনা ও প্রসাধনী সামগ্রী জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও সুইচগেইট আমবাগান নামক স্থান হতে ৩৬ বোতল ভারতীয় নেশাজাতীয় উইং কোরেক্স সিরাপ ও মোবাইলের চাজিং পোর্ট জব্দ করে। জব্দকৃত ওষুধের সর্বমোট বাজার মূল্য ৯ লক্ষ ৪৭ হাজার ১৫০ টাকা। তবে, এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।