শিরোনাম

সাতক্ষীরা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও চার মৌয়াল। গতকাল বৃহস্পতিবার রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে চার জনকে উদ্ধার করে বন বিভাগের বুড়ি গোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। এরআগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায়
ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকৃত মৌয়ালরা হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী।
এছাড়া নিখোঁজ মৌয়ালরা হলেন- একই উপজেলার একই এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।
বনবিভাগ জানায়, গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে ৮ জনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এরমধ্যে ৪ জন পর দিন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করে সেখানকার বনকর্মীরা। পরে তারা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়গোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। এর মধ্যে দুই জন গুরুতর অসুস্থ।
বন বিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত সোমবার রাতে তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাতে আনা হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছে। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে বলে তিনি আরো জানান।
এদিকে, চার মৌয়াল নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বনবিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।