বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

বৈশাখী উৎসবে খাগড়াছড়িতে পাহাড়িদের আর্থিক সহায়তা

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় ঐতিহ্যবাহী মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উৎসব উপলক্ষে পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের আয়োজকদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনী। 

গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে  আজ শুক্রবার সকালে এ সহায়তা প্রদান করা হয়।

জেলার লক্ষীছড়ি উপজেলার  বার্মাছড়ি ও দুল্যাতলী এলাকার বিভিন্ন আয়োজক কমিটির মধ্যে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব মহা বিজু, সাংগ্রাই ও বৈশাখী উদযাপনকে ঘিরে এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. তাজুল ইসলাম, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মহা বিজু ও সাংগ্রাই চাকমা ও মারমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব, যা পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। এই উৎসবকে ঘিরে সেনাবাহিনীর এমন সহায়তা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।