বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

ভোলায় কৃষক বাজার মেলা শুরু

ছবি : বাসস

ভোলা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় ইকোলজিক্যাল ফার্মিং সংশ্লিষ্ট এগ্রো-ইকোট্যুরিজম উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষক বাজার মেলা শুরু হয়েছে। 

এ আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা-এর আয়োজনে এ কৃষক বাজারের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, উন্নয়নকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক বাজারের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহকারী মহাব্যবস্থাপক আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, খামার ব্যবস্থাপক এ এইচ এম জাকির হোসেন, ৬২ নম্বর ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম এবং ব্যাংকের হাট কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল।

কৃষক বাজারের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে কুইজ, গল্প বলা, কবিতা আবৃত্তি ও লোকগান প্রতিযোগিতা। এছাড়াও দড়িলাফ, ব্যাঙ দৌড়সহ নানা গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোমুগ্ধকর লোকগানের পরিবেশনা দর্শনার্থীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

 কৃষক বাজারের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।