বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২২:২৪

শিল্পকলায় চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা 

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

ঢাকঢোল বাদন, লাঠি খেলা, ঘুড়ি উড়ানো ও লাটিম খেলা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। 

এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে জারিগান, পটের গান, বাউল গান, পুঁথি পাঠ, কবিগান, গাজির গান, গম্ভীরা, জালালগীতি, ভাওয়াইয়া, বাউল গান, বিভিন্ন সংগঠনের সমবেত নৃত্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনা, তারকা শিল্পীদের পরিবেশনা ও ব্যান্ড সংগীত, ভিন্ন জাতিগোষ্ঠীর সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী  সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠান সূচিতে থাকবে, রহিম বাদশা রূপবান কন্যা, পুতুলনাট্য পরিবেশনা বাছেরের বিয়ে। থাকছে অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী ও চলচ্চিত্র প্রদর্শনী।

অন্যদিকে, বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী  ও লোকশিল্প কর্মশালাও অনুষ্ঠিত হবে।