বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২২:০৯

সিলেটে প্রায় দুই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। ছবি: বাসস

সিলেট, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক কোটি ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ৫২ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের দোবাগ এলাকা থেকে এসব ভারতীয় অবৈধ জিরা ও কসমেটিকস জব্দ করে।

এই ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ‎

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বাসস’কে বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এরফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধকল্পে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।