শিরোনাম

চট্টগ্রাম, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস): নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে হাজেরা-তজু ডিগ্রি কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত সামিয়া জাহান তানিশা নগরীর রাহাত্তারপুল এলাকার ফুলগলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
দুর্ঘটনার পর সামিন ও মিনহাজ নামে দুই ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন বলে জানা গেছে।