বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২১:৩১

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

ছবি : বাসস

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন স্বাগত বক্তব্য দেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭৫ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া ৪ হাজার ৪৩২ বোতল বিদেশি মদ, ১২ লিটার দেশীয় মদ, ৭ হাজার ৭৮৭ বোতল ফেন্সিডিল, ৫৫০.৪ কেজি গাঁজা, ২৬.২৫৩ কেজি হেরোইন, ৬.০৫ কেজি কোকেন, ৬৭ হাজার ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ১৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১ লাখ ৫৫ হাজার ৯০৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১ হাজার ৪৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২ হাজার ২৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকা।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন।