শিরোনাম

রাজবাড়ী, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সাংবাদিকদের শুধু জেল- ফাঁসি দিলেই সাংবাদিকতা হবে না। এই ব্যাপারে তাদের নৈতিক গুণ অর্জন করতে হবে।
তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনের আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই ব্যাপারে আপনার জুরিডিকশন এবং লিমিটেশন কতটুকু’।
রাজবাড়ীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত আজ এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি একে এম আব্দুল হাকিম একথা বলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, এবং রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল কুদ্দস বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে সেমিনার ও কর্মশালায় বক্তাগণ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে। আর অপসাংবাদিকতা সব সময়ে সকলের জন্যই সমস্যার সৃষ্টি করে।
সুষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য নৈতিক শিক্ষা দায়িত্ব ও কর্তব্যবোধ থাকা একান্তই জরুরি।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গণতন্ত্রের ধারা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমরা প্রতিদিন সংবাদ পত্র খুললেই আমরা আমাদের দেশের অবস্থা বুঝতে পারি, দেশ কি ভালো চলছে না কি সমস্যার মধ্যে আছে।
প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, অপমানেই খারাপ, খারাপ থেকে বাঁচতে, ভালোকে জানতে হলে সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন করা যাবে না। এ প্রসঙ্গে তিনি বলেন পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
জেলার ৫টি উপজিলার প্রায় ৮০ জন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ আজকের কর্মশালা এবং সেমিনারে অংশ গ্রহণ করেন।