বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৩০

টাঙ্গাইলে ঝিনাই নদীর মাটি বিক্রি করায় জরিমানা

টাঙ্গাইল, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বাসাইলে ঝিনাই নদী থেকে মাটি কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত আজ এক মাটির ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বাসস’কে জানান, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঝিনাই নদীর পাড় থেকে বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন দক্ষিণপাড়া গ্রামের মৃত আমির আলীর ছেলে আব্দুল মজিদ। 

আজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়েরকৃত একটি মামলায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।