বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৮:২২

নোয়াখালীতে ট্রাক্টরের চাপায় চা দোকানি নিহত 

নোয়াখালী, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের মুছাপুর ইউনিয়নের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে একটি চায়ের দোকান চালাতেন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে  চাপা দেয়। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।