শিরোনাম

নাটোর, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য কার্যলয়ের আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. আ. আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শহীদা বেগম।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। এরইমধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকেদের জন্যে কার্ড প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার নাগরিক উপকৃত হবেন।
এছাড়া হামের টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার ব্যাপারে সমাবেশে মতবিনিময় করা হয়।
এ সমাবেশে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন।