বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৩

লালমনিরহাটে বিপুল পরিমাণ ডিজেল ও মাদক জব্দ

লালমনিরহাট, ৯ এপ্রিল, (২০২৬) : জেলার সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র বাসস’কে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৮ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৫মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় গংগারহাট বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অন্যদিকে, ৭ মার্চ রাত ১১টা ৫০মিনিটে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় বিশেষ ক্যাম্পের টহল দল চেকপোস্টে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায়। এসময় ড্রামের মধ্যে থাকা ৫শ’ লিটার ডিজেলসহ মো. জামাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নওয়াবাস এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও জ্বালানি তেলের মোট মূল্য ২ লাখ ৩ হাজার ৪শ’ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বাসস’কে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য দমনে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।