বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৬:৫১

ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ফেনী, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে। 

ফেনীতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে জেলা প্রশাসন, র‌্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এ জরিমানা করে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার শহরের তাকিয়া রোড ও ইসলামপুর রোড এলাকার ভোজ্যতেলের বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিরাপদ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল মোড়কীকরণ করা এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স কবির এন্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া এ জরিমানা করেন। 

একই দিন ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছেমাফিক দামে খোলা ভোজ্যতেল বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ করায় আরেক প্রতিষ্ঠান মেসার্স হাজী নূর আহমেদ এন্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া)এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বাসসকে বলেন, জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।